ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

রাতারাতি শত শত কোটি টাকার মালিক সোহেল রানা

ই-ওরেঞ্জকাণ্ডে ভারতে গ্রেফতার বনানী থানার বরখাস্তকৃত পুলিশ পরিদর্শক সোহেল রানার রাতারাতি শত শত কোটি টাকার মালিক বনে যাওয়া নিয়ে বিভিন্ন মহলে চলছে আলোচনা-সমালোচনা। খোঁজ নিয়ে জানা গেছে, নানা অপকর্মের মাধ্যমে এই পুলিশ কর্মকর্তা আঙুল ফুলে কলাগাছ হন। সোহেলের এই অবৈধ কারবারের খোঁজ করতে গিয়ে এরই মধ্যে আমান উল্লাহ ও বিথি নামে আরও দুজনের নাম জানতে পেরেছেন তদন্ত সংশ্লিষ্টরা। তাদের বিরুদ্ধেও বিভিন্ন সময় প্রতারণা ও জালিয়াতির অভিযোগ রয়েছে।এরই মধ্যে ই-কমার্স প্রতিষ্ঠান ‘ই-ওরেঞ্জ’ গ্রাহকদের ১ হাজার ১০০ কোটি টাকা আত্মসাতের সঙ্গে জড়িত সাবেক পুলিশ সদস্য সোহেল রানাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরুর জন্য চিঠি দিয়েছে পুলিশ সদর দফতর। এদিকে সোহেল রানার ভয়ঙ্কর রূপ প্রকাশ পেয়েছে ফাঁস হওয়া একটি অডিও রেকর্ডে। একজন গ্রাহক তার বিনিয়োগের টাকা ফেরত চাইলে সোহেল রানা দম্ভোক্তি ভরা কণ্ঠে ওই গ্রাহককে হুমকি দিয়ে বলেন, ‘আমি বড় খেলোয়াড়, আমাকে ধরতে এক হাজার বছর লাগবে।’


বেরিয়ে আসছে সোহেল রানার ভয়ঙ্কর চেহারা


এখন পর্যন্ত সোহেল রানার যেসব সম্পদ থাকার তথ্য পাওয়া গেছে, এর মধ্যে রয়েছে পূর্বাচলের ৩ নম্বর সেক্টরে প্লট ও নিকেতনে দুটি ফ্ল্যাট। একটি ফ্ল্যাটে তার ছোট খালু মো. সাগর থাকেন। একটি বহুজাতিক প্রতিষ্ঠানে তার বিনিয়োগ রয়েছে। প্রতিষ্ঠানটির ডিলারশিপ নিয়ে ব্যবসা করে আসছেন তিনি। তার অফিস গুলশান ২ নম্বরে ডিসিসি মার্কেটের কাঁচাবাজারের পেছনে।


এছাড়া গুলশানের শাহজাদপুরে রয়েছে সাবেক এই পুলিশ কর্মকর্তার তিনটি ফ্ল্যাট। খাগড়াছড়িতে একটি রিসোর্টের জন্য জায়গাও কিনেছেন সোহেল। গোপালগঞ্জে প্রায় ৫০০ বিঘার বেশি জমির মালিক তিনি। আমেরিকান, জার্মান ও কোরিয়ান ক্লাবের সদস্যও। থাইল্যান্ডের পাতায়ায় জমি, ফ্ল্যাট ও সুপারশপও আছে সোহেলের। পাতায়ার হিলটন হোটেলের পাশে আরেকটি পাঁচতারকা হোটেলে শতকোটি টাকার বিনিয়োগ রয়েছে তার। রয়েছে পর্তুগালে দোকান ও রেস্টুরেন্ট ব্যবসা, প্যারিসে রেস্টুরেন্ট ও বার ব্যবসা, ফিলিপাইনের ম্যানিলায় স্ট্রিট বার এবং নেপালেও নানা ব্যবসায় সোহেলের বিনিয়োগ আছে। এখন পর্যন্ত ই-অরেঞ্জের দুটি ব্যাংক হিসাব থেকে প্রায় ৩৪৯ কোটি টাকা বেহাত হওয়ার তথ্য বেরিয়ে এসেছে। ওই অর্থ ই-অরেঞ্জ থেকে সরিয়ে দেশে-বিদেশে অন্যান্য ব্যবসায় সোহেল বিনিয়োগ করেছেন বলে জানিয়েছেন তদন্ত সংশ্লিষ্টরা।


সোহেলের চার বিয়ে!


কাগজপত্রে সোহেল রানার চারটি বিয়ে করার তথ্য পাওয়া গেছে। তার প্রথম স্ত্রীর সঙ্গে ১০ বছর ধরে সম্পর্ক নেই। দ্বিতীয় স্ত্রী একজন অভিনেত্রী। লন্ডনে পড়তে গিয়ে তৃতীয় বিয়ে করেন সোহেল। চতুর্থ স্ত্রীর নাম নাজনীন নাহার বীথি। তিনি ই-অরেঞ্জের অর্থ আত্মসাতের মামলার আসামি হিসেবে পলাতক আছেন। এ ছাড়া সোহেলের ছোট বোন সানিয়া মেহজাবিন জুঁই ই-অরেঞ্জের প্রধান নির্বাহী ছিলেন। তার স্বামী মুসফিকুর রহমান সুমন একটি অনলাইন ব্যাংকিং প্রতিষ্ঠানের ডিজিএম। দীর্ঘদিন ধরে ছোট বোন মেহজাবিনকে সামনে রেখেই নেপথ্যে থেকে ই-অরেঞ্জ পরিচালনা করে আসছিলেন সোহেল রানা। দীর্ঘদিন ধরে ঘুরেফিরে গুলশানে নানা পদে দায়িত্ব পালন করে আসছিলেন।


সোহেলের যত অবৈধ কারবার


তদন্ত সংশ্লিষ্টরা জানান, দীর্ঘদিন ধরে গুলশান-বনানী এলাকায় কাজ করার কারণে সাবেক পুলিশ সদস্য সোহেল রানার সঙ্গে ইউরোপ ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের দূতাবাসের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি হয়। এ সম্পর্ককে কাজে লাগিয়ে জনশক্তি রপ্তানিকারক কয়েকটি এজেন্সির সঙ্গে একটি সিন্ডিকেট গড়ে তুলেছিলেন তিনি। অর্থের বিনিময়ে ইউরোপের বিভিন্ন দেশের ভিসা পেতে সহায়তা করতেন। প্রতিটি ভিসার জন্য শেখ সোহেল রানা ৮ হাজার ইউরো নিতেন। সোহেল রানার মাধ্যমে ভিসার আবেদন করলে নিশ্চয়তাও ছিল শতভাগ। এ ছাড়া গুলশান-বনানীকেন্দ্রিক ভিওআইপি কারবার, স্পা সেন্টার, হোটেল-বার থেকেও অবৈধভাবে অনেক টাকা আয় করেন সোহেল।


বেরিয়ে এসেছে আরও দুজনের নাম


সোহেলের অবৈধ কারবারের সূত্র ধরে আরও দুজনের সন্ধান পেয়েছেন তদন্ত সংশ্লিষ্টরা। ছলচাতুরি করে নিজেদের অপকর্ম ঢাকতে চলতি বছরের জুনে আমান উল্লাহ ও বীথি নামের এক তরুণীর কাছে ই-অরেঞ্জ বিক্রি করে দেন সোহেল রানা। ই-কমার্সভিত্তিক প্রতিষ্ঠান নগদ হাট, আমান টেল এবং ডিজিটাল কমিউনিকেশন নেটওয়ার্কসহ নানা ধরনের ব্যবসা রয়েছে এই আমানের। নামে-বেনামে তারও অঢেল সম্পদ থাকার তথ্য পাওয়া গেছে। বিদেশে তিনি টাকা পাচার করেছেন-এমন তথ্য পেয়েছে একাধিক সংস্থা। তার বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির একাধিক মামলাও রয়েছে। এক সময়ের প্রতারক আমান বিয়ে করেন পুলিশের এক কর্মকর্তাকে। পরে ওই কর্মকর্তা তাকে ডিভোর্স দিয়ে দেন।


আমান উল্লাহর তিনটি বিএমডব্লিউ, দুটি মার্সিডিজ ও এক প্রাডো গাড়ির মালিকানা থাকার তথ্য পেয়েছেন সংশ্লিষ্টরা। আমান ঢাকার কাঁঠালবাগানের ফ্রি স্কুল স্ট্রিটে বাস করেন। তার গ্রামের বাড়ি ভোলার চরফ্যাশন পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে। আমান উল্লাহর বাবা মৃত মোছাদ্দেক চৌধুরী। এরই মধ্যে ঢাকায় তার হেফাজত থেকে একটি মার্সিডিজ গাড়ি জব্দ করা হয়েছে।


সোহেলের দম্ভোক্তি, হুমকির অডিও ফাঁস


ই-অরেঞ্জের প্রতারণার বিষয়টি আঁচ করতে পেরে একজন গ্রাহক সরাসরি সোহেল রানাকে ফোন দিয়েছিলেন। এ সময় ভুক্তভোগী ওই ব্যক্তি বিনিয়োগের টাকা ফেরত চাইলে তাকে নানাভাবে হুমকি দেন সাবেক এই পুলিশ সদস্য। সেই ফোন কলের অডিও রেকর্ড এরই মধ্যে ফাঁস হয়েছে। অডিওতে শোনা যায়, সোহেল রানা দম্ভ করে বলছেন, তিনি বিশেষ ক্ষমতার অধিকারী। তাকে কিছুই করা যাবে না। পুলিশে তার চাকরির ১৯ বছরের ১২ বছরই গুলশান বিভাগে চাকরি করেছেন বলেও জানান তিনি।


কথোপকথনের মধ্যে সোহেল রানা বলেন, ‘শোনো, আমি তোমাকে একটা কথা বলি। আমি বাংলাদেশে কতটা পাওয়ার নিয়ে চলি, আমি নিজে জানি। তুমি আমারে মনে করো না যে আমি কম বড় খেলোয়াড়। আমাকে যদি ধরতে হয়, তাহলে তোমার থেকে বড় খেলোয়াড় লাগবে।’


তখন ওই ভুক্তভোগী পুলিশের ঊচ্চপর্যায়ে অভিযোগ করার কথা জানালে সোহেল রানা হুমকি দিয়ে বলেন, ‘এসব অভিযোগ দিয়ে কোনো লাভ হবে না।... ‘আমার চারটা বউ, পাঁচটা বউ, দশটা বউ তাতে কার কী? আমার বউরা কি কোনো কিছু বলেছে? যতক্ষণ পর্যন্ত আমার বউয়েরা না অভিযোগ করবে ততক্ষণ পর্যন্ত কিছু হবে না। তোমাকে আমি ডেকে নিয়ে এসেছি, তারপরও তুমি আমার এডিসির কাছে গিয়েছ কেন?... তুমি কি ভাবছ সোহেল ভাইয়ের দুর্বল পয়েন্ট পেয়েছি, এবার কুপোকাত করব; করো। আমার বোনের নামে মামলা করো। আমার বোন যদি জেলে যায়, যাক। সমস্যাটা কী? যাইতেছে না অনেকে। আমার বোন যদি ছয় মাস জেল খেটে বের হয়ে আসে, তখন তুমি... কী করবা... ফালাবা? আমি কিন্তু... ছেলে। আমি যেনতেন জায়গার ছেলে না। ১৯ বছরের ১২ বছরই গুলশান বিভাগে চাকরি করেছি। তুমি যেভাবে আমাকে বলতেছ- ডকুমেন্টস আছে, এই আছে, সেই আছে। তোমার কাছে ডকুমেন্টস থাকুক, আমার নামে লেখো না রে ভাই। আমি ভালোর ভালো, খারাপের যে কত প্রকার... সেটা তুমি এখনো জানো না। তুমি আমাকে ধরতে গেলে এক হাজার বছর লাগবে। নিজের মতো থাকো, না হলে মামলা করো, যাও।’


সোহেলকে দেশে ফেরাতে চিঠি


সোহেল রানাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে সে দেশে চিঠি পাঠিয়েছে পুলিশ সদর দফতর। গত রোববার ভারতের দিল্লিতে অবস্থিত ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোকে (এনসিবি) এই চিঠি দেওয়া হয়। এর আগে গত শুক্রবার ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহারের চ্যাংড়াবান্দায় ওই দেশের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে ধরা পড়ে সোহেল।


গতকাল মঙ্গলবার পুলিশ সদর দপ্তরের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোর (এনসিবি) সহকারী মহাপরিদর্শক (এআইজি) মহিউল ইসলাম বলেন, গত রোববার ভারতের দিল্লিতে অবস্থিত এনসিবিকে সে দেশে গ্রেফতার ঢাকার পুলিশ কর্মকর্তা সোহেল রানাকে (সাময়িক বরখাস্ত) ফেরত চেয়ে চিঠি দেওয়া হয়েছে। আমরা আশা করছি, এ ব্যাপারে ইতিবাচক সাড়া পাওয়া যাবে।


সোহেলের অবৈধ সম্পদের বিষয়ে সিআইডির অর্গানাইজড ক্রাইমের বিশেষ পুলিশ সুপার হুমায়ুন কবির বলেন, সোহেল রানার অপরাধলব্ধ অর্থসম্পদ আছে কি না, সেই বিষয়ে ইতিমধ্যে সিআইডি তদন্ত শুরু করেছে। তার অর্থসম্পদের বিষয়ে তথ্য চেয়ে বাংলাদেশ ব্যাংক, রাজউক, ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন, বিআরটিএসহ সংশ্লিষ্ট কয়েকটি সংস্থায় চিঠি পাঠানো হয়েছে।


ads
ads
ads

Our Facebook Page

↑